মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)
সংবাদ শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট
ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল তারুণ্যের উন্মাদনায় ভরপুর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

টানটান উত্তেজনার ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়। রোমাঞ্চকর লড়াই শেষে ৩ - ০ গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের মুকুট পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ফাইনালে লড়াই করে রানার্সআপ হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান; বিশিষ্ট ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো. ইকরামুজ্জামান; সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির; বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ক্যাটাগরিতে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

চ্যাম্পিয়ন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
রানার্স-আপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
ম্যাচসেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা: আক্কাস আলি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক: মেহেদি হাসান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।

আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো খুবই প্রাণবন্ত। বেসরকারি পর্যায়ে ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্ট ২০২৬ আয়োজন করে ক্রিড়াঙ্গনে ইতিহাস গড়লো এবিজি স্পোর্টস সিটি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ ঘটানো, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপ দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল চর্চায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং এখান থেকেই আগামী দিনে জাতীয় দলের উপযোগী দক্ষ ফুটবলার তৈরি হবে।

বিজ্ঞাপন নমুনা বিজ্ঞাপন (বদলে দিন)